Header Ads

Header ADS

শ্রীশ্রীবৈষ্ণব বন্দনা

 

শ্রীবৈষ্ণব-মহিমা-গীতি

    (ওহে) বৈষ্ণব ঠাকুর                 দয়ার সাগর

                                                                        এ দাসে করুণা করি ।

        দিয়া পদছায়া                     শোধহে আমারে

        তোমার চরণ ধরি ॥

ছয় বেগ দমি'                 ছয় দোষ শোধি

ছয় গুণ দেহ দাসে ।

ছয় সৎসঙ্গ                 দেহ হে আমারে

বসেছি সঙ্গের আশে ॥*

একাকী আমার         নাহি পায় বল

হরিনাম সংকীর্ত্তনে ।

তুমি কৃপা করি         শ্রদ্ধাবিন্দু দিয়া

দেহ কৃষ্ণ নাম ধনে ॥

কৃষ্ণ সে তোমার         কৃষ্ণ দিতে পার

তোমার শকতি আছে ।

আমি ত কাঙ্গাল         'কৃষ্ণ কৃষ্ণ' বলি

ধাই তব পাছে পাছে ॥

********

-[শ্রীভক্তিবিনোদ ঠাকুর কৃত]-

ছয় বেগঃ

(১) বাক্যবেগ—ভূতোদ্বেগকারী বচনপ্রয়োগ ।

(২) মনবেগ—নানাবিধ মনোরথ ।

(৩) ক্রোধবেগ—রূঢ়বাক্যাদি-প্রয়োগ ।

(৪) জিহ্বাবেগ—মধুর-অম্ল-কটু-লবণ-কষায়-তিক্তভেদে ষড়বিধ রস-লালসা ।

(৫) উদরবেগ—অত্যন্ত ভোজন-প্রয়াস ।

(৬) উপস্থবেগ—স্ত্রী-পুরুষ-সংযোগ-লালসা ।


ছয় দোষঃ

(১) অত্যাহার—অধিক আহরণ বা সংগ্রহ বা সঞ্চয়চেষ্টা ।

(২) প্রয়াস—ভক্তি-বিরোধিচেষ্টা বা বিষয়োদ্যম ।

(৩) প্রজল্প—কালহরণকারী অনাবশ্যক গ্রাম্যকথা ।

(৪) নিয়মাগ্রহ—উচ্চাধিকার-প্রাপ্ত-সময়ে নিম্নাধিকারগত নিয়মে আগ্রহ এবং ভক্তিপোষক নিয়মের অগ্রহণ ।

(৫) জনসঙ্গ—শুদ্ধভক্ত-জনসঙ্গ ব্যতীত অন্যজনসঙ্গ ।

(৬) লৌল্য—নানামতবাদি-সঙ্গে অস্থির-সিদ্ধান্ত অর্থাৎ চাঞ্চল্য এবং তুচ্ছ বিষয়ে আকৃষ্ট হওয়া ।


ছয় সৎসঙ্গঃ

(১) তাঁকে প্রীতির বস্তু দান করিতে হইবে আর

(২) তিনিও স্নেহ পরবশ হইয়া তাঁর আশীর্বাদ স্বরূপ যে বস্তু দিবেন তাহা আদরের সহিত গ্রহণ করিতে হইবে ।

(৩) ভজন রাজ্যে অগ্রসর হইতে যাইয়া পরিপ্রশ্ন দ্বারা ভজন রহস্য জানিয়া লইতে হইবে ।

(৪) তাঁর চরণ প্রান্তে বসিয়া তাঁর জীবনের ভজন রহস্য সুযোগ মত জিজ্ঞাসাবাদের দ্বারা জানিয়া লইবার চাতুর্য্য রাখিতে হইবে ।

(৫) ভক্ত আদরের সহিত যে ভগবৎ প্রসাদ করেন, তাহা কালাকাল বিচার না করিয়া অত্যন্ত প্রীতির সহিত সম্মান বা ভোজন করিবে ।

(৬) অনুরূপ ভগবদ্ভক্তকে অত্যন্ত শ্রদ্ধা ভক্তির দ্বারা ভোজন বা সেবা করিতে হইবে । এই ভাবেই ভক্তের স্নেহ ভাজন হইতে পারিলে "বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় । এ হেন পামর প্রতি হবেন সদয় ॥


ছয় গুণঃ

(১) উৎসাহ—ভক্তির অনুষ্ঠানে ঔৎসুক্য, আদরের সহিত অনুশীলন ।

(২) নিশ্চয়—দৃঢ় বিশ্বাস ।

(৩) ধৈর্য্য—অভীষ্টলাভে বিলম্ব দেখিয়া সাধনাঙ্গে শৈথিল্য না করা ।

(৪) ভক্তিপোষক কর্ম্ম— শ্রবণ-কীর্ত্তনাদি এবং শ্রীকৃষ্ণ জন্য স্বীয় ভোগ-সুখ-পারিত্যাগাদি ।

(৫) সঙ্গত্যাগ—অধর্ম্ম, স্ত্রীসঙ্গ, ও স্ত্রৈণ-ভাবরূপ যোষিৎসঙ্গ, যোষিৎসঙ্গি-সঙ্গ এবং অভক্ত অর্থাৎ বিষয়ী, মায়াবাদী, নিরীশ্বর ও ধর্ম্মধ্বজীর সঙ্গত্যাগ ।

(৬) সদ্বৃত্তি—সাধুগণ যে সদাচার অনুষ্ঠান করিয়াছেন এবং যে বৃত্তির দ্বারা জীবন নির্ব্বাহ করিয়াছেন ।


গানটি গেয়েছেনঃ মহানন্দ ভদ্র (বাংলাদেশ বেতার, খুলনা) এবং তরুন রয় ।

গীতিকারঃ শ্রীভক্তিবিনোদ ঠাকুর

গানের ধরনঃ শ্রীবৈষ্ণব মহিমা


কোন মন্তব্য নেই

francisblack থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.