বৈষ্ণব মহিমা
বৃন্দাবন বাসী যত বৈষ্ণবের গণ ।
প্রথমে বন্দনা করি সবার চরণ ।।
নীলাচলবাসী যত মহাপ্রভুর গণ ।
ভূমিতে পড়িয়া বন্দোঁ সবার চরণ ।।
নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত ।
সবার চরণ বন্দোঁ হঞা অনুরক্ত ।।
মহাপ্রভুর ভক্ত যত গৌরদেশে স্থিতি ।
সবার চরণ বন্দোঁ করিয়া প্রণতি ।।
যে-দেশে যে-দেশে বৈসে গৌরাঙ্গের গণ ।
ঊর্ধ্বাহু করি’ বন্দোঁ সবার চরণ ।।
হঞাছেন হইবেন প্রভুর যত দাস ।
সবার চরণ বন্দোঁ দন্তে করি’ ঘাস ।।
ব্রহ্মান্ড তারিতে শক্তি ধরে জনে জনে ।
এ-বেদ পুরাণে গুণ গায় যেবা শুনে ।।
মহাপ্রভুর গণ-সব পতিত-পাবন ।
তাই লোভে মুঞি পাপী লইনু শরণ ।।
বন্দনা করিতে মুঞি কত শক্তি ধরি ।
তমো-বুদ্ধি-দোষে মুঞি দম্ভ মাত্র করি ।।
তথাপি মুকের ভাগ্য মনের উল্লাস ।
দোষ ক্ষতি’ মো-অধমে কর নিজ দাস ।।
সর্ব বাঞ্ছা সিদ্ধি হয়, যম-বন্ধ ছুটে ।
জগতে দুর্লভ হঞা প্রেমধন লুটে ।।
মনের বাসনাপূর্ণ অচিরাতে হয় ।
দেবকীনন্দন দাস এই লোভে কয় ।।
****

কোন মন্তব্য নেই