মঙ্গল আরতি (শ্রীললিতপ্রসাদ ঠাকুর রচিত)
( মঙ্গল আরতি )
নবদ্বীপে পঞ্চতত্ত্বলীলায়
[শ্রীললিতপ্রসাদ ঠাকুর রচিত]
(ক)
গোরাচাঁদ গোরাচাঁদ গোরাচাঁদ বলি।
মঙ্গল আরতি করে ভক্তগণ মিলি ।।
বিভাবরী শেষ দেখি অরুণ উদিল।
অমনি গৌরাঙ্গ চাঁদ জাগিয়া বসিল ।।
অদ্বৈত নিতাই চাঁদ আসি যোগ দেয়।
মঙ্গল আরতি তরে সকলেতে ধায় ।।
প্রেমের তরঙ্গে ভাসি মঙ্গল গান।
খোল করতালে নাচে মাতাইয়া প্রাণ ।।
জগদানন্দের সাথে নাচে হরিদাস।
মুকুন্দ সঞ্চয় বাসু গায় শ্রীনিবাস ।।
নরহরি আদি করি ঢুলায় চামর।
কারুণ্য কটাক্ষে রহে প্রিয় গদাধর ।।
মঙ্গল প্রদীপ ধূপ লইয়া স্বরূপ।
মঙ্গল আরতি করে কিবা অপরূপ ।।
ভকতিবিনোদ রহি নিকটে তাহার।
যোগায় আরতি দ্রব্য তি চমৎকার ।।
বিনোদের পদরজ শিরেতে ধরিয়া।
তাঁহার কিঙ্কর দেখে আনন্দে মজিয়া ।।
ব্রজে যুগল লীলায়
[শ্রীললিতপ্রসাদ ঠাকুর রচিত]
(খ)
মঙ্গল আরতি জয় কিশোর কিশোরী।
আনন্দে ভাসল সবু সখী তাহা হেরি ।।
রাত্রি শেষে নিদ্রা যায় শ্রীরাধামাধব।
বৃন্দাদেবী কুঞ্জে নানা করাইল রব ।।
অরুন উদয়কালে শুকশারী গায়।
ললিতাদি মিলি তবে আরতি করায় ।।
কক্খটীর রবে ভীত রাধা বিনোদিনী।
নিদ্রা ত্যাজি মাধবেরে জাগায় অমনি ।।
মঙ্গল আরতি ধ্বনি সখীগণ করে।
ময়ূর ময়ূরী পক্ষ বিস্তারিয়া ধরে ।।
নিজ নিজ ঘরে গিয়া অতি শীঘ্র করি।
নিভৃতে শয়ন কৈল শ্রীরাধা শ্রীহরি ।।
কমলমঞ্জরী পদ হৃদয়েতে ধরি।
আনন্দে ভাসিয়া রহে তাঁহার কিঙ্করী ।।
--ঃশ্রীললিতপ্রসাদ ঠাকুর রচিতঃ--

কোন মন্তব্য নেই